Picture_Bangladesh Embassy in Belgium

বিজিএমইএ সভাপতির সম্মানে ব্রাসেলসে সংবর্ধনা

জিএসপি প্লাসের নূন্যতম আমদানী সীমার শর্ত বাদ; ইইউ’র প্রতি বিজিএমইএ’র কৃতজ্ঞতা

জিএসপি প্লাসের নূন্যতম আমদানি সীমার শর্ত বাদ দেওয়ায় বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার (১০ নভেম্বর) বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ব্রাসেলসে তার বাসভবনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেন।

সংবর্ধনা সভায় ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও কর্মসংস্থান বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

বিজিএমইএ সভাপতি তাদের প্রস্তাবিত জিএসপি রেগুলেশনে জিএসপি প্লাসের একটি অন্যতম শর্ত ৭.৪% নূন্যতম আমদানি সীমা (ইমপোর্ট থ্রেশোল্ড) শর্তটি বাদ দেয়ায় ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন, এই পদক্ষেপটি বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য আবেদন করার পথ সুগম করবে।

ফারুক হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের প্রতি বন্ধুভাবাপন্ন সমর্থন ও সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত  থাকবে।

তিনি বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন এবং সংবর্ধনা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)