গ্রীণ অর্থায়নে আগ্রহী বাংলাদেশিদের সহজ শর্তে অর্থায়ন করবে জিএফএফ
সবুজ প্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশি উদ্যোক্তাদেরকে সহজ শর্তে অর্থায়নের সুযোগ প্রদান করতে চাইছে গুড ফ্যাশন ফান্ড (জিএফএফ)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ বেলজিয়ামের এন্টওয়ার্প-এ গুড ফ্যাশন ফান্ডের (জিএফএফ) তহবিল পরিচালক বব অ্যাসেনবার্গ (Bob Assenberg) এবং জিএফএফ - এর পরিচালক বার্নাডেট ব্লোম (Bernadette Blom) এর সাথে একটি বৈঠক করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আবদুল্লাহ-হিল রাকিব এবং শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।
সম্প্রতি বিজিএমইএ এবং গুড ফ্যাশন ফান্ড বাংলাদেশের কারখানাগুলোকে উদ্ভাবনী টেকসই সমাধান গ্রহণে সহায়তা করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
চুক্তি অনুসারে, গুড ফ্যাশন ফান্ড টেকসই উৎপাদন গ্রহণের জন্য পোশাক উদ্যোক্তাদের প্রযুক্তিগত, পরিবেশগত এবং সামাজিক বিষয়ে বিশেষ পরামর্শ/জ্ঞানদানের পাশাপাশি দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করবে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



