এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার

বাণিজ্য সহযোগিতা বাড়াতে এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের মধ্যে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক: দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এফবিসিসিআই এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার।

 

শুক্রবার (১২ই নভেম্বর, ২০২১) ফ্রান্সের প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার আয়োজিত বৈঠকে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।

 

 এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই সংগঠনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে এবং পারষ্পরিক ব্যবসায়িক সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নেবে।

 

তিনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে, তথ্য-প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশের উদ্যোক্তারা এরই মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে কারখানা স্থাপন ও পণ্য উৎপাদন করছেন। এরই ফলস্বরূপ বিশ্বের সেরা ১০টি গ্রিন পোশাক কারখানার প্রথম ৭টিতেই নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

 

বিদেশী বিনিয়োগকারীদের জন্য সরকারের ঘোষিত নানা প্রণোদনার কথা উল্লেখ করে, বাংলাদেশকে তাদের পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করতে ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। একই সাথে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরও দেশে বিনিয়োগের আমন্ত্রন জানান।

 

মো: জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা হিসেবে এফবিসিসিআই বাংলাদেশে ব্যবসায়িক স্বার্থের সুবিধার্থে সর্বদা উন্মুক্ত।

 

অন্যদিকে ফ্যান্সের বাজারে বাংলাদেশী পণ্যের ব্র্যান্ডিং করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত নেটওয়ার্কিংয়ের ওপর জোর দেন এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন।

 

বৈঠকে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর পরিচালক প্রীতি চক্রবর্তী ও মোঃ সাইফুল ইসলাম।

 

 এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম, সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, পরিচালক শমী কায়সার, খান আহমেদ শুভ, ডাঃ ফেরদৌসী বেগম, এফবিসিসিআই এর পরিচালকগণ, এফবিসিসিআই’র, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক জেসমিন আক্তার এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের নেতৃবৃন্দ ও প্রবাসী ব্যবসায়ীরা।

 

এর আগে, গত বুধবার ফ্রান্সের শীর্ষ বাণিজ্য সংগঠন এমইডিইএফ ইন্টারন্যাশনাল ((Mouvement des Entreprises de France International)) এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এফবিসিসিআই।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)