সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী
ইউরোপের বাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: ইউরোপের বাজারে কৃষিপণ্যের রপ্তানি এবং কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এসময় নিজের সাম্প্রতিক নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতার কথা জানান কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ইউরোপের বাজারে কৃষিপণ্যের রপ্তানি এবং কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্প্রতি দেশদুটি সফর করেন। তার সঙ্গে সরকারি ও বেসরকারি শিল্পোদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলও ছিল।
আব্দুর রাজ্জাক বলেন, আমরা কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করতে চাই। এটি করতে হলে কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি, দেশে কৃষি প্রক্রিয়াজাত শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার বিস্তৃত করতে হবে। এতে উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি ও লাভ নিশ্চিত করা সম্ভব হবে। এসব উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফর করেছি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদেরকে আপাতত ডিজেলে ভর্তুকি দেয়ার পরিকল্পনা সরকারের নেই। কৃষকদেরকে সেচকাজের জন্য ডিজেলে ভর্তুকি দেয়ার প্রক্রিয়াটি বেশ জটিল। সেচের কথা বলে ডিজেল নিয়ে তারা অন্যান্য কাজে লাগান বলে বিভিন্ন সময়ে প্রমাণ পাওয়া গেছে। তবে বিশ্ব বাজারে সারের দাম চারগুণ বাড়লেও সরকার এ মুহূর্তে সারের দাম বাড়াবে না বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বরত ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, এসিআই এগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম।
বিনিয়োগবার্তা/এসএএম//



