পোশাক শিল্পের স্বার্থ রক্ষায় সকলের সহযোগিতা চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পের স্বার্থ রক্ষার জন্য সরকার, উদ্যোক্তা আর শ্রমিক ভাই-বোনসহ সকলের সমর্থন আর সহযোগিতা কামনা করেছে বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, যদিও পোশাক শিল্প কভিড-১৯ এর প্রভাব কাটিয়ে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, এরই মধ্যে বৈশ্বিক সাপ্লাই চেইনে ইয়ার্ন, কেমিক্যালস ও অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পোশাক উৎপাদনকারীদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। অথচ, এর সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য দেয়া হচ্ছে না। অধিকন্তু, কিছু ইউরোপীয় দেশে আবারও কভিড সংক্রমণ দেখা দেয়ায় রপ্তানিকারকদের মধ্যে গভীর উদ্বেগের সঞ্চার হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর ২০২১) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি এর সাথে তার বাসভবনে সাক্ষাতকালে একথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ এহছানে এলাহী উপস্থিত ছিলেন।
বিজিএমইএ’র সাবেক সভাপতিবৃন্দ মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, আব্দুস সালাম মূর্শেদী এমপি ও মোঃ সিদ্দিকুর রহমান এবং বর্তমান বোর্ডের সিনিয়র সহ-সভাপতি এস. এম. মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক হারুন অর রশিদ, পরিচালক রাজীব চৌধুরী এবং সাবেক পরিচালক এএনএম সাইফুদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
বিজেএমইএ সভাপতি বলেন, “এরকম একটি সংকটময় প্রেক্ষাপটে পোশাক শিল্প যাতে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব বাজারে প্রতিযোগিতামুলক সক্ষমতা ধরে রাখতে পারে, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে”।
সাক্ষাৎকালে তারা তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগসহ শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এসময় বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক শিল্পের কঠিন সময়গুলোতে শিল্পকে সহযোগিতা প্রদানের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিনিয়োগবার্তা/এসএএম//



