শেষ হলো ‘ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১ বাংলাদেশ’
নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে শেষ হলো ‘‘ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১ বাংলাদেশ: ডিসকভার লিমিটলেস অপরচুনিটিস’ শীর্ষক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন।
সোমবার (২৯ নভেম্বর ২০২১) সন্ধ্যায় রাজধানীর রেডিসান ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সামিটের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী।
এরআগে রোববার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সামিটের উদ্বোধন করেন তিনি। আর সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে শেষ হয়েছে দুদিনব্যাপী এ আয়োজন।
সমাপনী অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ব্রিফিংয়ে জানান, সামিটের দুদিনে ১৬টি বিষয়ে আলোচনা হয়েছে। এতে যুক্ত হয়েছেন ৫৪টি দেশের ছয় হাজারের বেশি অতিথি। এর মধ্যে অনলাইনে প্রায় ১ হাজার ৪০০ ও সরাসরি প্রায় পাঁচ হাজার অতিথি অংশ নেন। এ সময় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের কাছ থেকে ২৭০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগের আশ্বাস পাওয়া গিয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ঢাকা নর্থ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ৫০ কোটি ও যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি হাব হাই-টেক পার্কে ১ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে।
সমাপনী অনুষ্ঠানের আগে কর্ণফুলী ড্রাই ডক ইকোনমিক জোন লিমিটেড ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে ১১৮ মিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তি সই হয়। এছাড়া সৌদি আরবের একোয়া পাওয়ার বাংলাদেশে ১৫০ কোটি (দেড় বিলিয়ন) ডলার বিনিয়োগে সম্মতি জানিয়েছে।
এর আগে সামিটে দিনব্যাপী বেশ কয়েকটি কারিগরি সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে বক্তাদের বিভিন্ন আলোচনায় দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। এসময় বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারিদের আহ্বান জানানো হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//



