আকর্ষণীয় কর কাঠামো ও নীতি সুবিধার কারণে বাংলাদেশ এখন বিনিয়োগের প্রধান আকর্ষণ কেন্দ্র: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আকর্ষণীয় কর কাঠামো ও নীতি সুবিধার কারণে বাংলাদেশ এখন বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের প্রধান আকর্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
সোমবার (২৯ নভেম্বর ২০২১) সন্ধ্যায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত দুদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১ বাংলাদেশ: ডিসকভার লিমিটলেস অপরচুনিটিস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আকর্ষণীয় কর কাঠামো ও নীতি সুবিধার কারণে বাংলাদেশ এখন বিনিয়োগের প্রধান আকর্ষণ কেন্দ্র। এ দেশে বিনিয়োগ করলে বিদেশী বিনিয়োগকারীদের অর্থ নিরাপদ থাকবে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে সহজ ব্যবসা নীতি কাঠামো, সস্তা শ্রমিক ও উপযুক্ত বিনিয়োগ পরিবেশকে কাজে লাগানোর জন্য দেশী-বিদেশী উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস সাপোর্ট বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের আল যাসের, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সেলিমা আহমাদ, ফনে ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রেসিডেন্ট রূপালী চৌধুরী প্রমুখ।
এরআগে রোববার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সামিটের উদ্বোধন করেন তিনি। আর সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে শেষ হয়েছে দুদিনব্যাপী এ আয়োজন।
সমাপনী অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ব্রিফিংয়ে জানান, সামিটের দুদিনে ১৬টি বিষয়ে আলোচনা হয়েছে। এতে যুক্ত হয়েছেন ৫৪টি দেশের ছয় হাজারের বেশি অতিথি। এর মধ্যে অনলাইনে প্রায় ১ হাজার ৪০০ ও সরাসরি প্রায় পাঁচ হাজার অতিথি অংশ নেন। এ সময় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের কাছ থেকে ২৭০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগের আশ্বাস পাওয়া গিয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ঢাকা নর্থ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ৫০ কোটি ও যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি হাব হাই-টেক পার্কে ১ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে।
সমাপনী অনুষ্ঠানের আগে কর্ণফুলী ড্রাই ডক ইকোনমিক জোন লিমিটেড ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে ১১৮ মিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তি সই হয়। এছাড়া সৌদি আরবের একোয়া পাওয়ার বাংলাদেশে ১৫০ কোটি (দেড় বিলিয়ন) ডলার বিনিয়োগে সম্মতি জানিয়েছে।
এর আগে সামিটে দিনব্যাপী বেশ কয়েকটি কারিগরি সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে বক্তাদের বিভিন্ন আলোচনায় দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। এসময় বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারিদের আহ্বান জানানো হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//



