জয়িতা ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি
বাঙালির ঐতিহ্য-সংস্কৃতি ও সৃজনশীলতার আলোকে পোশাক ডিজাইনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, নিজস্ব সৃজনশীলতা ও তথ্য-প্রযুক্তির সুবিধার মাধ্যমে মানসম্মত পোশাক ডিজাইন ও তৈরি করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
তিনি বলেন, আমরা দেখছি প্রাচীন কালে যেমন বাঙালিদের উৎপাদিত পোশাকের জনপ্রিয়তা ছিল, তেমনি বর্তমানেও বাংলাদেশে তৈরি পোশাক বিশ্বজয় করছে। প্রাচীন কালের মতো বর্তমানেও পোশাক তৈরি ও ডিজাইনে নারীদের রয়েছে ব্যাপক অংশগ্রহণ। যা এই সেক্টরকে সমৃদ্ধ করেছে। বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। জয়িতা নারী উদ্যোক্তাদের তৈরি পোশাকও বিশ্বজয় করবে। দেশ-বিদেশে জয়িতার সুনাম ছড়িয়ে পড়বে। আস্থা ও জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে জয়িতা সবার হৃদয়ে স্থান করে নেবে।
রোববার (৫ ডিসেম্বর) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে জয়িতা ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।
বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম সাবেক সিনিয়র সচিব সাহিন আহমেদ চৌধুরী।
এ সময় মন্ত্রণালয় ও জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



