বিজিএমইএ সভাপতির সঙ্গে জিআইজেড প্রতিনিধিদলের সাক্ষাৎ
পোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জিআইজেড
নিজস্ব প্রতিবেদক: পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (জিআইজেড)’র একটি প্রতিনিধিদল।
বুধবার (৮ ডিসেম্বর) গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে জিআইজেড’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. অ্যাঞ্জেলিকা ফ্লেডারম্যানের নেতৃত্বে সাক্ষাৎ করে দলটি।
বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী, জিআইজেড’র প্রকল্প ম্যানেজার (প্রোগ্রাম ফর সাসটেইনিবিলিটি ইন দি টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর) ড. মাইকেল কোল্ডে, সিনিয়র অ্যাডভাইজর সারওয়াত আহমেদ ও সিনিয়র অ্যাডভাইজর, কমিউনিকেশন কম্পোনেন্ট মো. মঞ্জুর মোরশেদ এসময় উপস্থিত ছিলেন।
তারা বিজিএমইএ ও জিআইজেড’র মধ্যে চলমান সহযোগিতা এবং ভবিষ্যতে সহযোগিতার পন্থাগুলো নিয়ে, বিশেষ করে পোশাক শিল্পের উন্নয়ন, সামাজিক মান, উৎপাদনশীলতা, সক্ষমতা সৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা প্রদান নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য জিআইজেড’কে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



