সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৩তম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রকল্পের মনিটরিং ব্যবস্থা আরো জোরদারের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি।
বৃহস্রপতিবার এ কমিটির ২৩তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আলহাজ মোঃ দবিরুল ইসলাম, মোঃ মুজিবুল হক, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে গত ২০ জুন, ২০১৮ তারিখে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা; গৃহিত বিভিন্ন প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন ও তৎসম্পর্কে আলোচনা এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মতামত প্রদানসহ বিশদ আলোচনা করা হয়।
বৈঠকে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প, হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প, ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম ইত্যাদি চলমান প্রকল্পের সর্বশেষ তথ্য উপস্থাপিত হয়।
প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী, অর্জিত আউটকাম সাসটেইনেবল করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কাজের মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করা হয়।
এছাড়া, পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে গমনেচ্ছু হজ্ব যাত্রীদের থাকা, খাওয়া এবং যাতায়াতে যেন কোনরূপ সমস্যা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জোর সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদের ফ্লোরে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে যথা সময়ে প্রকল্পসমূহের কাজ সমাপ্ত/বাস্তবায়ন করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান, আইএমইডি’র সচিব আবু হেনা মোরশেদ জামান ও মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



