বিজিএমইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ ডিসেম্বর ২০২১) উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।
সভায় বিজিএমইএ এর সহ-সভাপতি মোঃ শহীদ উল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ এর পরিচালকবৃন্দ এবং পোশাক শিল্পের সাধারন সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় সদস্যদের উদ্দেশ্যে বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে বলেন যে, পোশাক শিল্পের গৌরব ও অর্জন উদ্যোক্তা এবং শ্রমিকদের বহু বছরের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন,‘‘আমাদের উপর আস্থা রাখা এবং এ শিল্পে সেবাদানের সুযোগ দেয়ার জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা বাংলাদেশের পোশাক শিল্পকে গৌরবের একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধ পরিকর’’।
তিনি আরও বলেন,‘‘বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ পোশাক শিল্পের সকল চ্যালেঞ্জ মোকাবেলা এবং শিল্পের সম্ভাবনার প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একটি নিরাপদ, টেকসই এবং সমৃদ্ধশালী পোশাক শিল্প গড়তে আমাদের যে লক্ষ্য রয়েছে, তা অর্জনের জন্য আপনাদের ঐকান্তিক সহযোগিতা এবং সমর্থন আমাদের প্রয়োজন’’।
বিনিয়োগবার্তা/ডিএফই//



