BCI

জার্মানির রাষ্ট্রদূতের সাথে বিসিআই সভাপতির সাক্ষাত

দেশে দক্ষ জনবল তৈরীতে জার্মানির সহযোগিতা চায় বিসিআই

নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমান অবকাঠামো ব্যবহার করে জার্মানি থেকে দক্ষ প্রশিক্ষক এনে দেশে প্রশিক্ষক তৈরী করতে চায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) , যারা পরবর্তিতে সারাদেশে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরী করবে এবং দক্ষ জনবলের যে স্বল্পতা আছে তা নিরসন করতে সহাযতা করবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ফেডারেল রিপাবলিক অব জার্মানির দূতাবাসের রাষ্ট্রদূত আচিম ট্রস্টার ( Achim Tröster) এর সাথে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কে. এম. রিফাতউজ্জামান, পরিচালক, বিসিআই ও ড. অর্ধেন্দু শেখর রায়, মহাসচিব, বিসিআই।

বিসিআই সভাপতি শুরুতে শত ব্যস্ততার মধ্যেও সৌজন্য সাক্ষাতের সময় প্রদান করায় রাষ্ট্রদূতকে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালনা পর্ষদ ও সদস্যবর্গের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানান।

বিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সমগ্র বাংলাদেশ ভিত্তিক সরকারী ও বেসরকারী উভয় খাতের সর্বপ্রকার শিল্পের প্রতিনিধিত্বকারী একক এবং একমাত্র শিল্প চেম্বার যা দেশের শিল্পায়ন তথা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিসিআই দেশে নতুন উদ্যোক্তা, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা সৃষ্টি এবং উন্নয়নে একত্রে কাজ করে চলেছে। এছাড়াও, স্থানীয় সকল শিল্পের সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে বিসিআই কাজ করে চলেছে।

বিসিআই সভাপতি আরো বলেন, দেশে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প একটি অপার সম্ভাবনাময় খাত কিন্তু এ খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। শিল্প চেম্বার হিসেবে বিসিআই মনে করে, বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ সহ অন্যান্য অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ জনবল তৈরীর কোন বিকল্প নেই। মাইক্রো ও ক্ষুদ্র শিল্প, লাইট ইঞ্জিনিয়ারি শিল্পখাত, কৃষি প্রক্রিয়াজাত শিল্পসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্প খাতে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বিসিআই দেশের দক্ষ জনবলের অভাব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করে।

বিসিআই কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমান অবকাঠামো ব্যবহার করে জার্মানির মত কারিগরি জ্ঞানে সমৃদ্ধ দেশ থেকে দক্ষ প্রশিক্ষক এনে দেশে প্রশিক্ষক তৈরী করতে চায়, যারা পরবর্তিতে সারা দেশে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরী করবে এবং দক্ষ জনবলের যে স্বল্পতা আছে তা নিরসন করতে সহাযতা করবে।

এসময় রাষ্ট্রদুত জিআইজেডসহ বেসরকারি খাতের বিভিন্ন প্রশিক্ষক বাংলাদেশে আনার ব্যাপারে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন এবং বিসিআই এর উদ্যোগের সাফল্য কামনা করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)