BPA_4006(1)

সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

সড়ক ও মহাসড়কের বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বাদশ বৈঠক আজ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়াল), এনামুল হক,  রেজওয়ান আহম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহ উদ্দিন এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে একাদশ সভার গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি; সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে সিলেট সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা’র বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদানের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে সদ্য পাশকৃত মহাসড়ক আইন, ২০২১ অনুসরণ করে সড়ক ও মহাসড়কের বিশৃঙ্খলা রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং টঙ্গী-গাজীপুর মহাসড়কের নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প সহ সার্বিক কার্যক্রমে কমিটি কর্তৃক সন্তোষ প্রকাশ করা হয়। তবে যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশে যথাযথ মানে উন্নীতকরণের কাজ চলতি অর্থ বছরে সমাপ্ত হবে বলে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তকরণ এবং একই ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে বার বার কাজ না পায় সে বিষয়ে সতর্ক থাকার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের যারা শহীদ হয়েছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর, ২০২১ তারিখ মৃত্যুবরণ করায় কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি’র চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)