মার্চে বাণিজ্যিকভাবে চালু হবে ফাইভজি: টেলিযোগাযোগমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তিতে ৩২৪ বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে ফাইভজি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আগামী মার্চের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভজি চালু হবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহারের জন্য ফাইভজি অপরিহার্য বলে মত দেন তিনি।
গতকাল রাজধানী ঢাকার এক হোটেলে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) আয়োজিত অ্যাকসেস টু মিনিংফুল কানেক্টিভিটি অ্যান্ড সোস্যাল ইনক্লিউশন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিআইজিএফ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক মো. নাসিম পারভেজ, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাউথ এশিয়া আর্টিকেল ১৯-এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, বিএনএনআরসি রিসার্চ ফেলো এএইচএম বজলুর রহমান, বিআইজিএফ সেক্রেটারি জেনারেল আবদুল হক অনু, সাংবাদিক রাশেদ মেহেদি প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



