জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: ঢাকা ফাইবার নেটের কার্যক্রম বন্ধ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’র সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার বিটিআরসি’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইং জাকির হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সবিহীন আইএসপি প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ সংযোগ প্রদান ও নির্দেশিত আইপি লগ সংরক্ষণ না করায় ‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’ নামক ওই আইএসপি প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে লাইসেন্সের শর্ত ও কমিশনের নির্দেশনা লঙ্ঘন করায় কেন প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হবে না তা ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, গত ৫ জুন পুলিশের ক্রাইম ইউনিট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিটিআরসি থেকে এ ধরনের নির্দেশনা সম্বলিত একটি পত্র ‘‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’ নামক ওই আইএসপি প্রতিষ্ঠানটিসহ সব আইএসপি প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সব আইআইজি প্রতিষ্ঠানকে প্রেরণ করা হয়। ‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’ কনফিডেন্ট নেট নামক লাইসেন্সবিহীন আইএসপিকে ব্যান্ডউইথ সংযোগ প্রদান করেছে। ব্যান্ডউইথ ব্যবহার করে কনফিডেন্ট নেট প্রতিষ্ঠানটি ১৫০ গ্রাহককে ইন্টারনেট সংযোগ প্রদান করেছে। যার মধ্যে কিছু গ্রাহক সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। যাদের সনাক্ত করা যাচ্ছিল না। যার ফলশ্রুতিতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা কঠিন হয়ে গেছে।
উল্লেখ্য, পূর্ব নির্দেশনা মোতাবেক লাইসেন্সবিহীন সংযোগ প্রদান না করা এবং গ্রাহকের আইপি লগ সংরক্ষণ করতে সব আইএসপি প্রতিষ্ঠানকে পুনঃনির্দেশনা প্রদান করা হয়েছে।
(এসএএম/ ১২ জুন ২০১৭)



