শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ।
ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বুধবার (৫ জানুয়ারি) ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৩৩তম সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। একই সভায় মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ গোলাম কুদ্দুস পরিচালক যৌথভাবে পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন।
মোহাম্মদ ইউনুছ সোবহান আইস এ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড, ইউনুছ কোল্ড স্টোরেজ লিমিটেড, অনন্ত পেপার মিলস্ লিমিটেড, ইউনুছ পেপার মিলস্ লিমিটেড, ইউনুছ ফাইন পেপার মিলস্ লিমিটেড, ইউনুছ স্পিনিং মিলস্ লিমিটেড, সোনালী পেপার এ্যান্ড বোর্ড মিলস্ লিমিটেড, শরীফ কোল্ড স্টোরেজ লিমিটেড, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ লিমিটেড এবং ইউনুছ অফসেট পেপার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।
তিনি অনলাইন সংবাদপত্র সোনালীনিউজ ডটকম এর প্রকাশক। ব্যবসা- বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
এছাড়া তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, ওয়ার্ড ব্রীজ স্কুলের চেয়ারম্যান এবং গ্যালাক্সী ফ্লাইইং একাডেমী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। ইউনুছ বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের আজীবন সদস্য।
বিনিয়োগবার্তা/শামীম//



