অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের সাত কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) গ্রেড-২ পদে সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বিসিএসের ১২তম ও ১৫তম ব্যাচের ক্যাডার।
শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ পদোন্নতির কথা জানানো হয়।
১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান-উল-হায়দার।
১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
এর আগে গত বছরের ১৭মে চারজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//



