প্রাকবাজেট আলোচনা শুরু ৬ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মাসব্যাপী প্রাক বাজেট আলোচনার সূচি চূড়ান্ত করেছে সংস্থাটি।
বুধবার (২৬ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রধান বাজেট সমন্বয়কারী ও এনবিআরের কাস্টমস বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তালিকা চূড়ান্ত করা হয়েছে।।
এনবিআর জানায়, শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলো সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেবে। এবার প্রাক বাজেট আলোচনা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।
আগামী ৬ ফেব্রুয়ারি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক বাজেট আলোচনা শুরু হবে। আগামী ২০ মার্চ এনবিআর ও এফবিসিসিআইয়ের পরামর্শক কমিটির সভার মাধ্যমে আলোচনা শেষ হবে। শেষ দিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আলোচনায় উপস্থিত থাকবেন।
জানা গেছে, গত ২০ জানুয়ারি কাস্টমস বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলামকে প্রধান বাজেট সমন্বয়কারী করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর দেশের সব চেম্বার্স ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি কপি budgetnbr@gmail.com-এ মেইল করে প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর যারা কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ওই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



