dmc

পোশাকশ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.নাজমুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও সহ-সভাপতি মো.নাসির উদ্দিন এবং ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আশরাফুল আলম ও সহযোগী অধ্যাপক ডা. মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

পোশাকশ্রমিক ও কর্মচারীরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে বিজিএমইএ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কিভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়ে তারা আলোচনা করেন।

ফারুক হাসান বলেন, পোশাকশিল্পের মূল চালিকা শক্তি হলো এ খাতের শ্রমিক ভাই-বোন। আর তাদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করাকে বিজিএমইএ সর্বোচ্চ গুরুত্ব দেয়।

তিনি বলেন, বিজিএমইএ পোশাকশিল্পের শ্রমিক ভাই-বোনদের স্বাস্থ্যগত উন্নয়ন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে।

বিজিএমইএ ১২টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করছে, যেগুলো থেকে বছরে ৬০ হাজারের অধিক পোশাককর্মী বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা ও ওষুধ গ্রহণ করছে। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো এইচআইভি/এইডস, যক্ষা, প্রজনন স্বাস্থ্য এবং গর্ভনিরোধকের ব্যবহার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। তাছাড়া, পোশাককর্মীদের জন্য চট্রগ্রামে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চালু রয়েছে বলেও তিনি জানান।

বিজিএমইএ সরকার ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)