ICT Sub Minister

ফাইবার অপটিক্যাল কেবলে যুক্ত হবে প্রতিটি গ্রাম - আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল কেবলে সংযুক্ত করে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে। ইন্টারনেটকে সহজ ও সুলভ করার পাশাপাশি এর সচেতনতার ওপরও গুরুত্বারোপ করে ইন্টারনেট সেবাকে পঞ্চম মৌলিক সেবা হিসেবে অন্তর্ভুক্ত করতে আইএসপিএবিসহ আইসিটি পরিবারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী গতকাল আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আইএসপিএবি পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইএসপিএবির সভাপতি মো. এমদাদুল হক, আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সহসভাপতি আনোয়ারুল আজিম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম রাশেদ, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, পরিচালক সাকিফ আহমেদ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, সবার কাছে সুলভে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইন্টারনেট সেবাদাতারা। অল্পদিনের মধ্যেই পাবলিক প্রকিউরমেন্ট রুলসের অধীনে ২০২৪ সালের মধ্যে গ্রামে গ্রামে ফাইবার অপটিক কেবল পৌঁছে দিতে আইএসপিএবির সদস্যদের মাধ্যমে ১ লাখ ৯ হাজার এবং ২০২৫ সালের মধ্যে ২০ লাখ কানেক্টিভিটি স্থাপন করা হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)