Bangladesh Bank

ব্যাংকারদের বেতন-ভাতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক কর্মকর্তাদের জন্য বেঁধে দেওয়া সর্বনিম্ন বেতন-ভাতার নির্দেশনা নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আগের নির্দেশনায় সংশোধন আনা হয়েছে।

মঙ্গলবার রাতে (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ২০১৩ সালে লাইসেন্সপ্রাপ্ত চতুর্থ প্রজন্মের তফসিলি ব্যাংকসমূহ ও পরে স্থাপিত ব্যাংকসমূহ, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের এন্ট্রি লেভেলে নিযুক্ত জেনারেল সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ন্যূনতম বেতন-ভাতাদি হবে ৩৯ হাজার টাকা এবং ক্যাশ সাইডের কর্মকর্তাদের বেতন হবে ৩৬ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন আগামী এপ্রিল থেকে দিতে হবে এবং অবশিষ্ট ভাতাদি ২০২৩ সালের এপ্রিল থেকে দিতে হবে। তবে সংশ্লিষ্ট ব্যাংক চাইলে চলতি এপ্রিল মাস থেকেই বেতন ও ভাতা দিতে পারবে।

এই ব্যাংকগুলোতে শিক্ষানবিস হিসেবে কর্মরত এন্ট্রি লেভেলের জেনারেল পদে কর্মরত কর্মকর্তাদের বেতন হবে সর্বসাকুল্যে ২৮ হাজার টাকা। এছাড়া ক্যাশ সাইডের কর্মকর্তাদের বেতন হবে ২৬ হাজার টাকা। এতে আরও বলা হয়, নতুন নির্ধারিত বেতন এবং বর্তমানে প্রাপ্ত সাকুল্য বেতনের সঙ্গে যে পার্থক্য হবে—তার ন্যূনতম ৫০ শতাংশ চলতি এপ্রিল হতে দিতে হবে। আর বাকি ৫০ শতাংশ ২০২৩ এপ্রিল হতে দিতে হবে। অবশ্য ব্যাংকগুলো চাইলে চলতি বছরের এপ্রিল থেকে এই সকল বেতন-ভাতাদি প্রদান করতে পারবে।

এই ব্যাংকগুলো ছাড়া অন্যান্য সকল ব্যাংকের এন্ট্রি লেভেলে নিযুক্ত জেনারেল সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ন্যূনতম বেতন-ভাতাদি হবে ৩৯ হাজার টাকা এবং ক্যাশ সাইডের কর্মকর্তাদের বেতন হবে ৩৬ হাজার টাকা। যা চলতি বছরের এপ্রিল থেকে দিতে হবে।

সার্কুলারে বলা হয়, নতুন নির্ধারিত বেতন-ভাতাদি কার্যকর করার পর একইপদে পূর্ব থেকে কর্মরত কর্মকর্তাদের বেতন-ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আরও বলা হয়, ম্যাসেঞ্জার বা পরিচ্ছন্নতাকর্মী বা নিরাপত্তা কর্মী বা অফিস সহায়ক অথবা সমজাতীয় পদে সর্বনিম্ন যেকোনো পদে নিয়মিত বা চুক্তিভিত্তিক বা দৈনিক ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীদের বেতন-ভাতাদি সব বিভাগীয় শহর, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য হবে ন্যূনতম ২৪ হাজার টাকা। অন্য জেলা শহরে কর্মরতদের জন্য হবে ন্যূনতম বেতন-ভাতাদি ২১ হাজার টাকা। এছাড়া দেশের অন্যান্য উপজেলায় কর্মরতদের ন্যূনতম বেতন-ভাতাদি হবে ১৮ হাজার টাকা।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)