পোশাক শ্রমিকদের জন্য ডেমু ট্রেন চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: পোশাক ও টেক্সটাইল কারখানার শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা থেকে শ্রীপুর পর্যন্ত একটি বিশেষ ডেমু ট্রেন সেবা চালু করতে রেলপথ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান। একই সঙ্গে তিনি যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রেলওয়ের সামর্থ্য বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সুবিধা কাজে লাগানোর জন্য দেশব্যাপী চলমান রেলওয়ে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকায় রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীরের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির কারণে রেলপথে নতুন ট্র্যাক নির্মাণ, একক লাইনকে ডাবল ট্র্যাকে রূপান্তর এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তরসহ রেল যোগাযোগব্যবস্থা উন্নীতকরণের প্রয়োজনীয়তা জোরালোভাবে অনুভূত হচ্ছে।
বৈঠকে বিজিএমইএর সহসভাপতি মিরান আলী ও পরিচালক আসিফ আশরাফও উপস্থিত ছিলেন। ফলোআপ সভা হিসেবে রেলসচিবের সঙ্গে তাদের ওই সভা হয়। এর আগে ১১ জানুয়ারি ২০২২ ঢাকায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
তারা গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে প্রস্তাবিত আইসিডি সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরে কনটেইনারযুক্ত যানবাহন চলাচলের চাপ মোকাবিলায় সহায়তা করবে।
তারা বলেন, সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর পশ্চিম তীরে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের ফলে ভারত থেকে পোশাকশিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সুবিধা হবে।
বিনিয়োগবার্তা/এসএল//



