Direct Export

বাংলাদেশ থেকে সরাসরি পণ্য যাবে ইউরোপে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপে রফতানীকৃত পণ্য নিয়ে যেতে গতকাল জেটিতে ভেড়ানো হয়েছে ‘এমভি সোঙ্গা চিতা’। জেটিতে কনটেইনার নামানো শেষ হলে ৯৮৩ একক রফতানি পণ্যবাহী কনটেইনার বোঝাই করে ইতালির উদ্দেশে রওনা হবে জাহাজটি। এর মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে সরাসরি কনটেইনারবাহী জাহাজ চলাচলের যাত্রা শুরু হবে।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, এমভি সোঙ্গা চিতা জাহাজটি আমদানি পণ্যবোঝাই সাতটি কনটেইনার এবং ৯৪৫ একক খালি কনটেইনার নিয়ে গত ১৭ জানুয়ারি রওনা হয় ইতালির বন্দর থেকে। দেশের প্রধান সমুদ্রবন্দরে জাহাজটি পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৯ দিন।

দেশের সমুদ্রবন্দর থেকে আমেরিকা ও ইউরোপে রফতানি পণ্যভর্তি কনটেইনার সিঙ্গাপুর কিংবা শ্রীলংকার বন্দর ঘুরে পাঠাতে হয়। এজন্য মাদার ভেসেলে বুকিং পেতে দেরি হওয়ায় প্রায় এক মাস কিংবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় লেগে যায়।

এদিকে করোনার প্রভাবে গত বছর থেকে বিশ্বজুড়ে কনটেইনার পরিবহনের ভাড়া ৫-১০ গুণ পর্যন্ত বেড়েছে। আবার অতিরিক্ত ভাড়া পরিশোধ করেও জাহাজে কনটেইনার পরিবহনের নিশ্চয়তা না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েন পোশাক খাতের বিদেশী ক্রেতারা। এ সংকটই মূলত দেশের প্রধান সমুদ্রবন্দর থেকে ইউরোপে সরাসরি জাহাজসেবা চালু হওয়ার নতুন একটি পথ খুলে দেয়। ইতালির পোশাক খাতের ব্যবসায়ীদের উদ্যোগে সেখানকার ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন ও এটির সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন নতুন এ সেবা চালু করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বন্দর জলসীমায় আসার পর বন্দরের জেটিতে ভেড়ানো হয়েছে এমভি সোঙ্গা চিতা জাহাজটি। ইতালির বন্দর থেকে খালি কনটেইনার ও কিছু আমদানি পণ্য নিয়ে এসেছে জাহাজটি। জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি ও খালি কনটেইনার নামানো হচ্ছে।

নতুন এ সেবার বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে জাহাজ বহির্নোঙরে আসার পর অপেক্ষা ছাড়াই জেটিতে ভেড়ানো হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)