আইপিও আইন সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ এর সংশোধনী প্রস্তাব কিছু পরিবর্তন করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত ৬০৬তম কমিশন সভায় সংশোধনীটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এ তথ্য জানিয়েছে।

বিএসইসি জানায়, ফিক্সড প্রাইস পদ্ধতিতে পাবলিক ইস্যুর ক্ষেত্রে আইনে তিনটি পরিবর্তন করা হয়েছে।

এগুলোর মধ্যে- তালিকাভুক্ত হতে ইচ্ছুক (ইস্যুয়ার) কোম্পানির সর্বশেষ বছরের কর পরিশোধের পর প্রকৃত মুনাফা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) পজেটিভ থাকতে হবে। এর আগে ইস্যুয়ার কোম্পানির মুনাফা এবং এনওসিএফপিএস সর্বশেষ দুই বছর পজেটিভ থাকতে হতো।

কোন যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) তার জন্য মোট বরাদ্দকৃত শেয়ারের ২ শতাংশের বেশী শেয়ারের জন্য আবেদন করতে পারবে না।

ইলিজিবল ইনভেস্টরদের এখন থেকে স্টক এক্সচেঞ্জে আইপিও আবেদন জমা দিতে হবে।

এদিকে বুক বিল্ডিং পদ্ধতিতেও পাবলিক ইস্যুর ক্ষেত্রে আইনে তিনটি পরিবর্তন আনা হয়েছে।

এগুলোর মধ্যে- ইস্যুয়ার কোম্পানিকে পাবলিক অফারের মাধ্যমে কমপক্ষে ৫০ কোটি টাকা উত্তোলন করতে হবে।

ইস্যুয়ার কোম্পানির কমপক্ষে ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। যা এর আগে ১৫ কোটি টাকা ছিল।

কাট-অফ প্রাইস নির্ধারণের ক্ষেত্রে কোন ইলিজিবল ইনভেস্টর তাদের জন্য বরাদ্দ করা শেয়ার কোটার ২ শতাংশের বেশী শেয়ারের জন্য কোট করতে পারবে না। ইলিজিবল ইনভেস্টররা আগে ১০ শতাংশ পর্যন্ত শেয়ার কোট করতে পারতেন।

(এমআইআর/এসএএম/ ১৩ জুন ২০১৭)


Comment As:

Comment (0)