mcci

করপোরেট কর হার কমানোর প্রস্তাব এমসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক: করপোরেট করের হার হ্রাস করে পার্শ্ববর্তী দেশগুলোর সমপর্যায়ে উন্নীত করার প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআই এ প্রস্তাব তুলে ধরে। সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন।

এ সময় এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম করপোরেট করহার কমানোর প্রস্তাব করে বলেন, ‘বিগত দুই বছরে প্রায় সকল ক্ষেত্রে করপোরেট করহার ৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। সে জন্য আমরা সরকারের নীতিনির্ধারকদের ধন্যবাদ জানাই। কিন্তু এখনো দেশে করপোরেট করহার পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি।’ এই করহার পার্শ্ববর্তী দেশগুলোর সমপর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অননুমোদিত ব্যয় এবং উৎসে কর কর্তন এত বেশি যে, ব্যবসায়ীরা করপোরেট করহার ৫ শতাংশ কমানোর সুবিধা ভোগ করতে পারছেন না। বাস্তবে এই করপোরেট করহার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ২২ দশমিক ৫ শতাংশে আর থাকে না, তা ক্ষেত্রবিশেষে ৪০-৫০ শতাংশ পর্যন্ত হয়ে যায়। এ বিষয়টি তিনি ভেবে দেখার অনুরোধ করেন।

করপোরেট করহার কমানোর প্রস্তাবের ব্যাপারে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করপোরেট করহার কমানোর যৌক্তিকতা আছে বলে মনে করি। তবে একবারে সে পর্যায়ে যাওয়া সম্ভব নয়। কারণ, তাতে ঝুঁকি রয়ে গেছে। রাজস্ব আয় হঠাৎ করে কমে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

তিনি আরো বলেন, সরকার যেকোনো করনীতি গ্রহণের ক্ষেত্রে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সহজীকরণকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

আলোচনায় এমসিসিআইয়ের পক্ষ থেকে সংগঠনের সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর ও সৈয়দ নাসিম মঞ্জুর এবং ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন কমিটির চেয়ারম্যান আদিব এইচ খান অংশগ্রহণ করেন।

অন্যদিকে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) প্রাক-বাজেট আলোচনায় উৎসে করহার সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব করে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)