Prime Minister66

প্রতিটি বিভাগেই চালু হবে মেরিন অ্যাকাডেমি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেকারত্ব নিরসনে দেশের প্রতিটি বিভাগে মেরিন অ্যাকাডেমি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬ তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড) অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর ও সিলেটের পর দেশের বাকি বিভাগগুলোতেও মেরিন অ্যাকাডেমি চালু করা হবে। যেখানে ছেলে মেয়েরা শুধু প্রশিক্ষিত হবে না, দেশ বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এবং বেকার সমস্যা দূর হবে। তিনি বলেন, বিশ্বের চাহিদা অনুযায়ী আমরা এ বছরের জানুয়ারি থেকে পাবনা, বরিশাল, রংপুর ও সিলেটে আরো চারটি মেরিন অ্যাকাডেমির কার্যক্রম চালু করেছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারি প্রতিষ্ঠান হিসেবে উন্নীত হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে অ্যাকাডেমির গ্রহণযোগ্যতা যেমন বেড়েছে, তেমন কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।

বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৩৫৯ প্রশিক্ষণার্থী ক্যাডেট দুই বছর মেয়াদি প্রাক-সমুদ্র প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ধরনের প্রতিকূলতা আসবে, সেগুলো চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা অর্জন করেছো। সমুদ্রচারণ কোনো সাধারণ পেশা নয়। এ পেশায় আত্মনিয়োগ করলে সমুদ্রের প্রতি একটা তীব্র আকর্ষণ তৈরি হয়। বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ পণ্য পরিবহণ সমুদ্র পথেই হয়ে থাকে। তাই বিশ্ব অর্থনীতিকে গতিশীল রাখতে মেরিন ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় প্রশিক্ষণার্থীদের দেশপ্রেম, সততা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান জানিয়ে সরকারপ্রধান বলেন, মনে রাখবে, তোমরা শুধু নির্ভীক সমুদ্রচারী নও, তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব ও দূত হিসেবে কাজ করো। যখন এক দেশের পণ্য আরেক দেশে জাহাজে বয়ে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশের হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরবে। তোমাদের সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা ভবিষ্যত ক্যাডেটদের জন্য পাথেয় হয়ে থাকবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)