labourrr

শ্রমিকের ডিজিটাল ডাটাবেইজ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের ডিজিটাল ডাটাবেইজ করবে সরকার। এটি সম্পন্ন হলে কোন খাতে কত শ্রমিক নিয়োজিত রয়েছে, তার প্রকৃত সংখ্যা জানা যাবে। পাশাপাশি শ্রমিকদের সব প্রকার সুবিধা প্রদান সহজ হবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সৌজন্য সাক্ষাতকালে এ তথ্য জানানো হয়।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের পরামর্শ অনুযায়ী, শ্রম মন্ত্রণালয় ৫ বছর মেয়াদী (২০২১-২০২৬) কর্ম পরিকল্পনার উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসন এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষমাত্রা অর্জন করে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

সাক্ষাতকালে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে জানানো হয়, ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরে পৌঁছাবে। সাম্প্রতিক বছরগুলোতে কর্মক্ষেত্রে কর্ম-পরিবেশের উন্নয়নের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়েছে। এসময়ে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে।

ডিজিটাল ডাটাবেইজ সম্পন্ন হলে জাতীয় শ্রমিকদের সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা সহজ হবে। বিশেষ করে শ্রমিকদের সহায়তা এবং পাওনা পরিশোধ করা সহজ হবে। এক কথায়, খুব সহজে শ্রমিকদের সকল তথ্য পাওয়া যাবে। সেই কর্মপরিবেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ অব্যাহত থাকবে এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, যুগ্মসচিব (আন্তর্জাতিক সংস্থা) মো. হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)