স্কুল-কলেজ খুললেও ক্লাসে যেতে পারবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। তবে এখনই সব শিক্ষার্থী স্কুল-কলেজে গিয়ে ক্লাস করতে পারবেন না।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার পর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ১২ বছরের বেশি বয়সী যেসব শিক্ষার্থী করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। তবে যেসব শিক্ষার্থী এখনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারেনি, তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেয়ার আগ পর্যন্ত অনলাইনে ক্লাস করতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় এবং কলেজগুলো খুলে দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছে, তারা সশরীরে উপস্থিত হয়ে ক্লাস করতে পারবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ক্লাস শুরু করতে পারবে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খুলছে না। ১০ দিন থেকে দুই সপ্তাহ পর এই বিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে।
বিনিয়োগবার্তা/এসএল//



