শিক্ষিত যুবকদের প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: পলক
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। এর মধ্যে প্রতি বছর ২০ লাখ যুবক শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে। সরকারের পক্ষে এত যুবকের কর্মসংস্থান করা সম্ভব না। তাই শিক্ষিত যুবকদের রাজধানীমুখী না হয়ে প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তার মোড়ে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিজ জেলা অথবা ঘরে বসেই প্রযুক্তিতে দক্ষ হয়ে ইউরোপ-আমেরিকার মতো বড় বড় দেশের কোম্পানিগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এ লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা সারাজীবন বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে চাই না। আমরা চাই আমাদের দেশকে প্রযুক্তিনির্ভর করতে। দেশে প্রায় সাড়ে ৬ লাখ যুবক ফ্রিল্যান্সিং করছে এবং বছরে ৭০০ মিলিয়ন ডলার আয় করছে। তাদের আর কাজের জন্য বিদেশে যেতে হচ্ছে না। আমরা একেকজন উদ্যোগতা তৈরি করতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করছি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ঘিওর উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, ইউএনও হামিদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএল//



