স্বর্ণের দরপতন অব্যাহত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে গত সোমবার স্বর্ণের দাম কমেছে। এ নিয়ে টানা চার সেশন দরপতন হলো মূল্যবান ধাতুটির। গত ১০ মার্চের পর স্বর্ণের বাজারে এটিই সবচেয়ে লম্বা দরপতন। তবে একই দিনে বেড়েছে প্যালাডিয়ামের দাম। সোমবার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্যালাডিয়ামের দাম বেড়ে প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর মার্কেটওয়াচ।
ফ্যাক্টসেটের তথ্যমতে, সোমবার আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের আউন্সপ্রতি দাম ১ হাজার ২৬৮ ডলার ৯০ সেন্টে স্থির হয়েছে। এ দাম আগের দিনের চেয়ে আড়াই ডলার বা দশমিক ২ শতাংশ কম। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দরপতন হলো মূল্যবান ধাতুটির।
স্বর্ণের এ দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আজকের সভাকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে গোল্ড নিউজলেটারের সম্পাদক ব্রায়ান লুনডিনের মতে, ফেডের সভায় যে সিদ্ধান্তই হোক না কেন, তা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা কম।
এদিকে যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফল স্বর্ণের বাজারে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
তাদের মতে, যুক্তরাজ্যের নির্বাচনের ফল বলে দিচ্ছে যে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের ব্রেক্সিট-বিষয়ক আলোচনা এখন অনেকটাই নমনীয় পন্থায় হবে। আর এতে বাজারে বড় ধরনের উত্থান-পতনের কোনো আশঙ্কা নেই। এর বিপরীতে এ ফল অন্য রকম হলে অর্থাত্ টেরিসা মে বড় ব্যবধানে জয়ী হলে ব্রেক্সিট আলোচনা অনেক জটিল রূপ ধারণ করতে পারত, যার অবশ্যম্ভাবী প্রভাব পড়ত পণ্যবাজারে। প্রসঙ্গত, গত শুক্রবার হওয়া যুক্তরাজ্যের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এদিকে স্বর্ণের দরপতনের দিনে বেড়েছে প্যালাডিয়ামের দাম। সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গত সোমবার প্যালাডিয়ামের প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ৮৬৪ ডলার ২৫ সেন্টে। এদিন ধাতুটির আউন্সপ্রতি দাম বেড়েছে ৮ ডলার ৫ সেন্ট বা দশমিক ৯ শতাংশ। একই দিনে বেড়েছে প্লাটিনামের দামও। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স প্লাটিনামের দাম ৪ ডলার ২০ সেন্ট বেড়ে ৯৪৪ ডলার ৫০ সেন্টে স্থির হয়েছে। এর বিপরীতে রুপার আউন্সপ্রতি দাম ২৭ দশমিক ৯ সেন্ট কমে ১৬ দশমিক ৯৪৪ ডলারে স্থির হয়েছে। কমেছে তামার দামও। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড তামার দাম ৩ দশমিক ৪ সেন্ট কমে এদিন স্থির হয়েছে ২ দশমিক ৬১৬ ডলারে।
(এসএএম/ ১৩ জুন ২০১৭)



