হিলিতে আবারো বাড়ল কাঁচা মরিচ-দেশি পেঁয়াজের দাম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: হিলির হাটবাজারে আবারো বাড়ল কাঁচা মরিচ ও দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে অসময়ে টানা বৃষ্টিই এই দাম বাড়ার কারণ বলে দাবি মরিচ ব্যবসায়ীদের।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) হিলি বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই দ্বিগুণ বেড়েছে। শুধু কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম ছিল নাগালের মধ্যে। তবে গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচ ও পেঁয়াজের দামও বেড়েছে। গত তিন দিন আগে খুচরা বাজারে যে মরিচ বিক্রি হয়েছিল ৩০ টাকা দরে। এখন তার দাম বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। যে পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল, সে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতারা জানান, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। নিত্যপ্রয়োজনীয় জিনিস সব কিছুরই দাম বেশি। যদিও পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম একটু কম ছিল, সেটিও বেড়েছে।
আরেকজন ক্রেতা বলেন, গত সপ্তাহে যে পেঁয়াজ কিনেছি ৩০ কেজি দরে কিনেছি। আজকে সে পেঁয়াজ কিনলাম ৪০ টাকা কেজি দরে। আগে যে কাঁচা মরিচ কিনেছিলাম ৩০ টাকা কেজি দরে, আজকে কিনলাম ৫০ টাকা করে। এত দাম বাড়লে আমরা খেটে খাওয়া দিনমজুর গরিবরা কীভাবে চলব।
দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা বলেন, দেশে যেসব এলাকায় কাঁচা মরিচের আবাদ হয়েছে, সেসব এলাকায় বৃষ্টির পানিতে কাঁচা মরিচের অনেক ক্ষতি হয়েছে। আর দেশি পেঁয়াজের মৌসুম প্রায় শেষের দিকে। বাজারেও পেঁয়াজের সরবরাহ কমে গেছে। চাহিদা বেশি হওয়ায় দাম বেড়েছে। বর্তমানে কাঁচা মরিচ ৪৫ টাকা কেজি পাইকারি দরে কিনে, তা খুচরা বাজারে ৫০ টাকায় বিক্রি করছি। এবং দেশি পেঁয়াজ বিক্রি করছি ৪০ টাকা কেজি দরে।
বিনিয়োগবার্তা/এসএল//



