MSC Giving 20

বিএসটিআই থেকে আইএসও সনদ পেলো ৭টি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মান অনুসারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ্ধতি নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে ৭ (সাত) টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয়।

রবিবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এসকল প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ নজরুল আনোয়ার। অনুষ্ঠানে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪টি প্রতিষ্ঠানকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: আরএমসি কেমিক্যাল কোম্পানি লিঃ, বিডি ফুডস লিঃ, রয়েল সিমেন্ট লিঃ ও ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিঃ। এছাড়া নিপরো জেএমআই কোম্পানি লিঃ এর অনুকূলে আইএসও ১৪০০১:২০১৫ এবং সিয়াম এগ্রো ফুডস লিঃ ও ইগলু ফুডস লিঃ (ফ্রজেন ফুড ইউনিট) এর অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ প্রদান করা হয়।

উন্নত কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ নজরুল আনোয়ার বলেন, পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট পেয়েছেন। উৎপাদন বৃদ্ধি ও বিদেশে পণ্য রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে এ সনদ সহায়ক ভূমিকা পালন করবে এবং তিনি শিল্প প্রতিষ্ঠানকে তাঁদের কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মান ধরে রাখার জন্য আহবান জানান। তিনি আরও বলেন দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিএসটিআই থেকে ‘হালাল’ সনদ প্রদান করা হচ্ছে। কিউআর কোড সম্বলিত লাইসেন্স/ছাড়পত্র/ব্যবস্থাপনা পদ্ধতি সনদ ও হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম আগামী মার্চ, ২০২২ থেকে শুরু হবে। তিনি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সেবা সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা বিএসটিআইকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

ঈগলু ফুডস লিঃ এর চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, নিপ্রো জেএমআই কোম্পানি লিঃ এর জিএম মোঃ এরফান উদ্দিন, বিডি ফুডস লিঃ এর ব্যবস্থাপক (প্রশাসন) রহমত উল্লাহ, সিয়াম এগ্রো লিঃ এর নাইমুর রহমান সজিব, রয়েল সিমেন্ট লিঃ জিএম মোঃ হাসানুর কবির, আরএমসি কেমিক্যাল কোম্পানি লিঃ এর চেয়ারম্যান সিদ্ধার্থ মন্ডল, ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিঃ এর এমডি মোঃ মনিরুল ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সনদ গ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/ডেএফই//


Comment As:

Comment (0)