chk

আইসিটি খাতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় কর্মী নিয়োগে চুক্তি

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড (বোয়েসেল) ও অস্ট্রেলিয়ান কোম্পানি স্টারনিংয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অনলাইনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন এবং স্টারনিংয়ের অপারেশন ডিরেক্টর পল ইগান এ-সংক্রান্ত একটি  চুক্তিতে স্বাক্ষর করেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় এক তথ্য বিবরণীতে জানানো হয়, স্টারনিং বিভিন্ন ক্লায়েন্ট কোম্পানির জন্য আইসিটি খাতে বাংলাদেশের দক্ষ জনবলের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। স্টারনিংয়ের চাহিদার  পরিপ্রেক্ষিতে বোয়েসেল বাংলাদেশ থেকে যোগ্য প্রার্থী সরবরাহ করবে। আগামী তিন বছরের জন্য পেশাদার আইসিটি খাতের বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় চাকরির সুযোগ পাবেন।

অনলাইনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সিডনির কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, ক্যানবেরার কাউন্সেলর (শ্রম) মো. সালাহউদ্দিন, স্টারনিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোসেফ মেরজ এবং বোয়েসেল-এর নির্বাহী ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরী।
 
বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দক্ষ জনশক্তি পাঠানোর পথ উন্মুক্ত হবে। এখন শুধু আইসিটি সেক্টরের দক্ষ পেশাদারদের পাঠানোর উদ্যোগ নিয়েছি। এ ছাড়া আরও কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি, যাতে অন্যান্য পেশায় দক্ষদের অস্ট্রেলিয়ায় পাঠানো যায়।

জোসেফ মেরজ বলেন, বাংলাদেশে অনেক দক্ষ আইটি পেশাদার রয়েছে। অস্ট্রেলিয়ায় দক্ষ আইটি পেশাদারদের যথেষ্ট ঘাটতি আছে। বাংলাদেশি দক্ষ পেশাজীবীরা এই ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)