সবজি রফতানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হবে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সবজি রফতানির সম্ভাবনা অনেক। রফতানি বাড়াতে আমরা কাজ করছি। অচিরেই সবজি রফতানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎসে পরিণত হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা ২০২২’ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, দানাদার খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবারের নিশ্চিত করতে কাজ করছি। পুষ্টিসমৃদ্ধ খাবারের মধ্যে শাকসবজি ফলমূল উৎপাদনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। ফলে গত ১২ বছরে সবজির উৎপাদন বেড়েছে সাত গুণ। আর বর্তমানে ১ কোটি ৯৭ লাখ টন সবজি উৎপাদন করে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।
সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবজির বিপণনে কিছুটা সমস্যা রয়েছে। পরিবহন চাঁদাবাজি, মধ্যস্বত্ত্বভোগীসহ অনেক সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধান করতে পারলে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত হবে। সবজির দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে কাজ করতে হবে যেন সবজির দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।
দেশে সবজি রফতানির সম্ভাবনা অনেক মন্তব্য করে তিনি বলেন, রফতানি বাড়াতে আমরা কাজ করছি। অচিরেই সবজি রফতানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎসে পরিণত হবে।
এসময় মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফরের মহাপরিচালক বেনজির আলম এবং বিভিন্ন সংস্থা প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কেআইবি অডিটরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান' বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, সামনে রোজা আসছে। শাকসবজির দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে পারি, প্রাকৃতিক দুর্যোগ না হলে আমাদের সবজির যে উৎপাদন হয়েছে, তাতে রোজায় পণ্যের দাম বাড়বে না।
কৃষিসচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মো. হাসানুজ্জামান কল্লোল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম বক্তব্য রাখেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র (সবজি বিভাগ) এর সিএসও ড. ফেরদৌসি ইসলাম। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ ও কার্নেল ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ডক্টর মো. সালেহ আহমেদ।
কৃষি মন্ত্রণালয় ৬ষ্ঠ বারের মতো আয়োজন করেছে এই মেলা যা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে। সবজি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//



