Prime Minister 678

সমুদ্রসম্পদ ব্যবহার করে অর্থনীতিকে আরো শক্তিশালী করার আশা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে বিপুল সামুদ্রিক সম্পদ রয়েছে। এসব সম্পদকে ব্যবহার করে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী ও মজবুত করার আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’ অবলোকন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্লু ইকোনমি ব্যবহার করে আমাদের দেশের অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী ও মজবুত করতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে মেরিন ফিশারিজ অ্যাকাডেমির ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকার প্রধান বলেন, আমরা ইতোমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) খুব সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেছি। আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছি। করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এগিয়ে চলেছি। অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

এ সময় প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক রেখেই সমুদ্রসীমা অর্জনের বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বঙ্গোপসাগর শুধু আমাদের জন্য না, আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রেও বিশাল গুরুত্বপূর্ণ। এখানে বিশাল সম্পদও রয়েছে। এখানে যেমন মৎস্য সম্পদ রয়েছে, তেমনি অন্যান্য সম্পদও আছে। সেগুলো আহরণ করে অর্থনীতিকে শক্তিশালী করতে পারবো, এটাই আমি আশা করি।

সমুদ্র সম্পদ আহরণে মেরিন ক্যাডেটদের জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা সবসময় সাহসের সঙ্গে কাজ করবে। তোমাদের যে লব্ধ জ্ঞান, এক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

এবার মেরিন একাডেমি থেকে ৮৪ জন ক্যাডেট পাস করেছেন। স্বাধীনতা নীতি এবং আদর্শ এই নব্য নাবিকদের মেনে চলার নির্দেশনা দেন সরকারপ্রধান।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)