nbrt

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা কমাচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছর রাজস্ব আদায়ে সংশোধিত লক্ষ্যমাত্রার ক্ষেত্রে ২৫ হাজার কোটি টাকা কমানো হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে।

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) লক্ষ্যমাত্রার মাত্র ৪৬ শতাংশ শুল্ক-কর আদায় করেছে জাতীয় রাজস্ব (এনবিআর) বোর্ড। এ বছরের লক্ষ্য অর্জনে বাকি মাসগুলোয় ৩৬ হাজার কোটি টাকা করে শুল্ক-কর আদায় করতে হবে। প্রতি মাসে এত রাজস্ব আদায় আগে কখনো হয়নি। গত সাত মাসে গড়ে প্রায় ২২ হাজার কোটি টাকা আদায় হয়েছে। এ বছর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা আছে। ধারণা করা হচ্ছে, চলতি অর্থবছর রাজস্ব আদায়ে সংশোধিত লক্ষ্যমাত্রা হবে ৩ লাখ ৫ হাজার কোটি টাকা।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সব মিলিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৩৯ কোটি টাকা আদায় হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৬ দশমিক ১২ শতাংশ। অর্থবছরের শুরুর দিকে রাজস্ব আদায়ে গতি না থাকলেও এখন বাড়ছে। জুলাই মাসে মাত্র ১৫ হাজার কোটি টাকা আদায় হয়। সবশেষ জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় ২৪ হাজার কোটি টাকায়।
 
বিগত সাত মাসে সবচেয়ে বেশি আদায় হয়েছে স্থানীয় পর্যায়ে ভ্যাট থেকে। এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৫৭ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপর আমদানি খাতে ৪৮ হাজার ৭২৭ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ খাতে আদায় হয়েছে ৪৬ হাজার ৭৬৯ কোটি টাকা।

এদিকে লক্ষ্যমাত্রা অর্জনে ভ্রমণের ওপর কর আদায় বৃদ্ধি করা হচ্ছে। সাত মাসের হিসাবে ভ্রমণ করে প্রবৃদ্ধি হয়েছে ১৫৬ শতাংশ। এ খাতে গত জুলাই-জানুয়ারি মাসে ভ্রমণ কর আদায় হয়েছে ৩৪১ কোটি টাকা। গত বছর একই সময়ে আদায় হয় ১৪১ কোটি টাকা। এ বছরের শুধু জানুয়ারি মাসে আদায় হয়েছে ৯৭ কোটি টাকা।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)