BGMEA PRESS

কর ও রাজস্ব নীতি পাঁচ বছর অপরিবর্তিত রাখার দাবি বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক: কর ও রাজস্বসংক্রান্ত নীতিগুলো অন্তত পাঁচ বছরের জন্য অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এর পক্ষে সংগঠনটি বলছে, শিল্পের সক্ষমতা ধরে রাখতে ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির জন্য আর্থিক ও অন্যান্য নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিশেষ করে শুল্ককর ও মূসক হার একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত থাকলে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে সুবিধা পাবেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে গতকাল এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমাদের প্রথম ও প্রধান প্রত্যাশা হলো নীতি স্থিতিশীলতা। বন্ড লাইসেন্সে এইচএস কোডের সঙ্গে নতুন কাঁচামাল ও অন্যান্য সংশ্লিষ্ট উপকরণগুলো অন্তর্ভুক্তকরণের মতো প্রক্রিয়াগুলো সহজীকরণ করা হলে তা শিল্পের জন্য অনেক সহায়ক হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে নীতি ও কর্মপদ্ধতি সংস্কার করা অত্যন্ত প্রয়োজন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, রাশিয়ায় আমাদের ১ বিলিয়ন ডলারের বাজার। আমরা এখন এটা নিয়ে শঙ্কায় রয়েছি। কিন্তু অন্যভাবে এ ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করছি। নতুন বাজার খোঁজা হচ্ছে। জার্মানি ২০২৩ সাল থেকে সাপ্লাই চেইন ব্যবস্থা তদারক করবে। তারা একটি নতুন আইন করেছে। তারা মানবাধিকারের বিষয়গুলো নিয়ে তৎপর। এ বিষয়টা নিয়ে আমরা চাপে আছি। তবে এমন ঘটনার সঙ্গে আমরা পরিচিত। তাই চিন্তার কিছু নেই। ইউরোপীয় ইউনিয়ন আমাদের বন্ধু। আমরা যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে পারব।

ফারুক হাসান বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে পোশাক শিল্প শ্রমিকরাও বিপাকে পড়েছেন। তাই স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পাবেন দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরাও। ২০ মার্চ থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের তৈরি পোশাক কারখানা এলাকার ৪০টি জায়গায় টিসিবির পণ্য নিয়ে গাড়ি থাকবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)