রোববার থেকে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান উপলক্ষ্যে ১ কোটি নিম্ন আয়ের মানুষকে রোববার (২০ মার্চ) থেকে দেওয়া হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড।
এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১২ লাখ ও বরিশাল সিটিতে ৯০ হাজার মানুষের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে উল্লিখিত কার্যক্রম ঘোষণা করেন।
এ সময় কীভাবে পণ্য দেওয়া হবে–সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা আগে থেকেই ট্রাকের স্পট জানিয়ে দেব। কজন কার্ডধারীকে পণ্য দেওয়া হবে, সে কথাও জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী কার্ডধারীরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবে।
মধ্যবিত্তদের জন্য টিসিবির কোনো পরিকল্পনা আছে কি না–জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা মাত্র শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা সামনের দিকে এগোবো। অন্যদিকে মধ্যবিত্তের সূচকের অনেকগুলো ধাপ আছে। সেদিকে লক্ষ রেখেই তাদের জন্য ব্যবস্থা নেব আমরা।
এ ছাড়া সারা দেশে প্রশাসনের সহায়তায় ৩০ লাখ পরিবারকে টিসিবির কার্ড দেওয়া হয়েছে।
আগামী ২০-৩১ মার্চ প্রথম পর্যায়ে ১১০ টাকা কেজি দরে দেওয়া হবে ২ লিটার সয়াবিন, ৫৫ টাকা কেজিতে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে।
ইতোমধ্যে জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পণ্যসামগ্রী পৌঁছে গেছে বলে জানিয়েছে টিসিবি।
টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম জেলা প্রশাসনের পাশাপাশি তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।
বিনিয়োগবার্তা/এসএল//



