7614

দ্রব্যমূল্য বাড়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না নিত্যপণ্যের দাম। একেক খাদ্যদ্রব্য একেক মন্ত্রণালয়ের তদারকি এবং সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য বাড়ছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রমজান সামনে রেখে বাড়ানো হবে টিসিবির ট্রাকসেল।

দ্রব্যমূল্যের বাজার যখন আকাশচুম্বী, তখন নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের একমাত্র ভরসার জায়গা কম দামে টিসিবির পণ্য। কিন্তু সেই লাইনও যখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়, তখন দুর্ভোগের আর শেষ থাকে না।

এ অনিয়মের কথা স্বীকার করলেন খোদ বাণিজ্যমন্ত্রী। কিন্তু কিছু যেন করার নেই সরকারের।

শুক্রবার (১৮ মার্চ) রাজধানীতে রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডে টিসিবির মাধ্যমে ১ কোটি মানুষকে কম দামে খাদ্যসামগ্রী দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ কার্যক্রম রোববার (২০ মার্চ) থেকে শুরু হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ৮৭ লাখ মানুষ, যারা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, তারা নিশ্চিতভাবে খাদ্যসামগ্রী পাবেন। যারা বাকি রয়েছেন, তাদেরও সুযোগ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলেও দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় পণ্যের দামে পার্থক্য বেশি হওয়ায় কেউ কেউ সেটার সুযোগ নেয়। তারা দুই থেকে তিনবার পণ্য নেওয়ার চেষ্টা করে। এখন ব্রাজিলে দাম বাড়ার কারণে যদি আমাকে পদত্যাগ করতে হয়, তাহলে আমরা সমস্যা নেই। আমি করতে পারি। আমি সেটি আগেও বলেছি। সমস্যা হলো, চাহিদা ও জোগানের। আপনি যদি হঠাৎ করে বেশি পণ্য নেওয়া শুরু করেন, তাহলে পণ্যের দাম তো বাড়বেই।

এদিকে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ঠেকাতে মন্ত্রণালয়ের পাশাপাশি জেলা প্রশাসনও কাজ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)