Labor Sub Minister

আইএলওর সব মৌলিক কনভেনশন অনুস্বাক্ষর করছে বাংলাদেশ: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সবক’টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর গভর্নিং বডির ৩৪৪তম সেশন বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএলও কনভেনশন ১৩৮ অনুযায়ী, ১৪ বছরের নিচে কেউ শিশুদের কাজে নিয়োজিত করতে পারবে না। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী জানান, তিনি বাংলাদেশের পক্ষে ২২ মার্চ অনুস্বাক্ষরকৃত পত্র আইএলওর মহাপরিচালক গাই রাইডারের কাছে হস্তান্তর করবেন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের প্রস্তাব পাস করে। এছাড়া জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদও এ কনভেনশন অনুস্বাক্ষরে সভা করে মত দিয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২৫ সালের মধ্যে সব সেক্টর থেকে শিশুশ্রম নিরসন করা হবে। সব খাত থেকে শিশুশ্রম নিরসনে সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সরকার আরো পাঁচটি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ খাত হিসেবে ঘোষণা করেছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)