ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে
নিজস্ব প্রতিবেদক: আগামী মাস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিকাশের মাধ্যমে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায় করা যাবে।
এ লক্ষ্যে ডিএনসিসি এবং বিকাশ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং বিকাশের পক্ষে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।
সোমবার বিকেলে রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এসময় মেয়র বলেন, ‘নগরবাসী ১ এপ্রিল থেকে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবে।’
তিনি বলেন, ‘অনলাইনে ট্যাক্স পরিশোধ করা হলে নগরবাসীকে কিন্তু আর সশরীরে সিটি কর্পোরেশনে আসতে হবে না। এর ফলে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিছুটা কমবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সাথে যুক্ত হয়েছে বিকাশ। তিনি এজন্য বিকাশকে ধন্যবাদ জানান।
এসময় উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



