akhaura-2203

সাড়া ফেলেছে ৫ কেজি ওজনের মিষ্টি আলু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে পাঁচ কেজি ওজনের একটি মিষ্টি আলু তোলা হয়েছে। আলুটি দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় করছে।
সোমবার বিকেলে ঐ উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের কৃষক মো. হোসেন মিয়ার জমি থেকে মিষ্টি আলুটি তোলা হয়। হোসেন মিয়া ঐ গ্রামের রেজু মিয়ার ছেলে।

বর্তমানে এই বিশাল আলু উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রদর্শনীতে আনা হয়েছে। ব্যতিক্রম আলুটি মেলায় আসা সবার নজর কাড়ছে।

কৃষক হোসেন মিয়া বলেন, ১৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শে সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলুর লতা রোপণ করি। ৬-৭ মাসের ব্যবধানে ফলন হয়। এরপর আলু তোলার জন্য মাটি খুঁড়তে শুরু করি। প্রথমে বুঝতে পারিনি এটি মিষ্টি আলু। চারদিক থেকে মাটি সরানোর পর অবাক হয়ে যাই। বিশাল আকৃতির মিষ্টি আলুটি তুলতেই এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। ওজন দিয়ে দেখি ৫ কেজি ১০০ গ্রাম। মুহূর্তেি খবরটি ছড়িয়ে পড়ে এবং সবাই আমার বাড়িতে আলুটি দেখতে আসে। এখন পর্যন্ত এ উপজেলার সবচেয়ে বড় আলুর ফলন তার জমিতে হয়েছে।

তিনি আরো বলেন, কম খরচে অধিক ফলন পেতে মিষ্টি আলু চাষের বিকল্প নেই। ১৫ শতাংশ জমিতে ২৫-৩০ মণ আলু উৎপাদন হবে। প্রতি কেজি আলু বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ পযর্ন্ত পাঁচ হাজার টাকার বেশি আলু বিক্রি করেছি।

কৃষি অফিস সূত্র জানায়, মিষ্টি আলুতে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে যা- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। প্রচুর ফাইবার আছে যা- ওজন কমাতে সহায়তা করে।

আখাউড়া উপজেলার কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, সাধারণত আধা কেজি থেকে দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়ে থাকে। ৫ কেজি ওজনের মিষ্টি আলু আসলেই ব্যতিক্রম। মূলত মাটির গুণাগুণ ভালো হওয়ায় এমন হয়েছে। এরই মধ্যে আলুটি নিয়ে জেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)