EU BASIS

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ইইউ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকার প্রতিনিধি কার্যালয়ে ইইউ প্রতিনিধি দল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইইউ ও বাংলাদেশের মধ্যে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সম্পর্ক জোরদারে বেসিসকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীরভাবে কাজ করতে আগ্রহী বলে জানান ইইউ রাষ্ট্রদূত। আগামীতে ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রাধিকার থাকবে উল্লেখ করে তিনি দেশের আইসিটি উন্নয়ন লক্ষ্যমাত্রা যথাসময়ে পৌঁছাতে বেসরকারি ও সরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত আইসিটি জনবলের ওপর জোর দেন। রাষ্ট্রদূত সীমান্ত প্রযুক্তি এবং দেশের অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন। ইইউ রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন, ইইউর অনেক সদস্য দেশ নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা উন্নয়ন, আপ-স্কিলিং ও রি-স্কিলিং, উচ্চ প্রযুক্তির জন্য কিছু বিশেষ প্রোগ্রামের মতো প্রযুক্তিগত সহায়তা প্রদানে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ২০২২ সালের জন্য আইসিটিকে ‘দ্য প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে সাতটি ভিত্তির ওপর অধিক গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি শিল্পকে উন্নত করার জন্য কাজ শুরু করেছে বেসিস। এগুলো হলো মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশী বাজার সম্প্রসারণ, মূলধন এবং আর্থিক প্রণোদনার সুযোগ বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, ডিজিটাল সম্পদ বৃদ্ধিতে সহায়তা করার জন্য নীতি প্রণয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রচার। ২০২৪ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বেসিস কাজ করছে বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)