nbrt

টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখ, রিটার্ন দেন না ৫০ লাখ

বিনিয়োগবার্তা ডেস্ক: দিন যত যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের তৎপরতায় ও করপ্রদানে সচেতনতার জায়গা থেকে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লাখে। তবে টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখ হলেও প্রায় ৫০ লাখ টিআইএনধারী কর রিটার্ন দেন না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের ঘর স্পর্শ করে। চলতি সপ্তাহের সোমবার (৪ এপ্রিল) পর্যন্ত দেশের মোট টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লাখ ৯ হাজার ৮০১। তারা সবাই এনবিআরের নিবন্ধিত ব্যক্তিশ্রেণির করদাতা।

এনবিআরের তথ্যমতে, গত সাড়ে তিন বছরে টিআইএনধারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ সময়ে প্রায় ৪০ লাখ নতুন টিআইএনধারী নিবন্ধিত হয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মোট ৩৬ লাখ টিআইএনধারী ছিল। গত ৪ বছরে প্রতিবছর ১২-১৩ লাখ নতুন করদাতা পাওয়া গেছে।
 
মূলত বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ের কর্মীদের টিআইএন নেওয়া এবং রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার পর দ্রুত টিআইএনধারীর সংখ্যা বাড়তে থাকে।

সর্বশেষ হিসাবে, চলতি ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ২৬ লাখ টিআইএনধারী বার্ষিক আয়-ব্যয়ের বিবরণ জানিয়ে রিটার্ন জমা দেন। এক-তৃতীয়াংশ টিআইএনধারী রিটার্ন দেন।
 
কেবল জমি কেনা ও ক্রেডিট কার্ডের জন্য টিআইএন নেওয়া হয়েছে, এমন টিআইএনধারী ছাড়া সবার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। বাস্তবে প্রায় ৫০ লাখ টিআইএনধারী বছর শেষে রিটার্ন জমা দেন না।
 
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই অবশ্য বাংলাদেশের করদাতারা বেশি রিটার্ন দেন। ভারতের দেড় কোটির বেশি করদাতা রিটার্ন দেন। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানে ২৫ লাখ, শ্রীলঙ্কায় ১৫ লাখ, নেপালে ২২ লাখ ও ভুটানে ৮৮ হাজার করদাতা রিটার্ন দেন। তবে জনসংখ্যার অনুপাতে বাংলাদেশে রিটার্নদাতার সংখ্যা বেশ কম।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)