ilon

টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক

বিনিয়োগবার্তা ডেস্ক: কিছুদিন আগেই টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন ইলন মাস্ক। এরই অংশ হিসেবে মাস্ককে পরিচালনা পর্ষদে (বোর্ড) যোগ দেওয়ার আহ্বান জানায় টুইটার কর্তৃপক্ষ। শুরুর দিকে ইতিবাচক সাড়া দিলেও শেষমেশ টুইটার বোর্ডে যোগ দিচ্ছেন না ইলন মাস্ক।

ইলন মাস্ক এখন টুইটারের একজন শেয়ারহোল্ডার। একজন শেয়ারহোল্ডার হিসেবে মাস্ককে টুইটার থেকে তাদের মূল বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে রোববার (১০ এপ্রিল) টুইটারের প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল জানিয়েছেন, মাস্ক আপাতত টুইটারের বোর্ডে যোগ দিচ্ছেন না।
 
পরাগ আগারওয়াল তার করা একটি টুইটের মাধ্যমে জানান, 'ইলন মাস্ক সিদ্ধান্ত নিয়েছেন তিনি বোর্ডে যোগ দেবেন না। এ ব্যাপারে ইলনের সঙ্গে আমার সরাসরি আলোচনা হয়েছে। একইভাবে বোর্ডের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। যেহতু মাস্ক টুইটারের একটি বড় অংশের শেয়ারের মালিক, তাই কোম্পানির ভবিষ্যতের কথা চিন্তা করে টুইটার তাকে বোর্ড সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল।’
 
পরাগ আরও বলেন, ‘এ ব্যাপারে গত সপ্তাহের মঙ্গলবার (৫ এপ্রিল) মাস্কের সঙ্গে আমরা একটি মিটিংয়ের আয়োজন করেছিলাম। মাস্ক আমাদের তার বোর্ডে যোগ দেওয়ার ব্যাপারে অপারগতার কথা জানিয়েছেন। তিনি আমাদের বড় একজন শেয়ারহোল্ডার। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’

তবে ঠিক কী কারণে মাস্ক টুইটার বোর্ডে যোগ দেননি, সে ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মাস্কের পক্ষ থেকে পাওয়া যায়নি।
 
এর আগে গত সপ্তাহের সোমবার (৪ এপ্রিল) টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক। তার টুইটারের শেয়ার কেনার খবর প্রকাশের পরই সামাজিক মাধ্যমটির শেয়ারমূল্য প্রায় ২৫ শতাংশ বেড়ে গেছে।
 
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যানুসারে, গত ১৪ মার্চ টেসলার প্রতিষ্ঠাতা টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮ শেয়ার কিনেছিলেন। শুক্রবার (১ এপ্রিল) টুইটারের সমাপনী মূল্যের ওপর ভিত্তি করে যার মূল্য ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
 
এতে মাস্ক  টুইটারের সবচেয়ে বেশি শেয়ারের মালিক হলেন। এর পরিমাণ টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ২ দশমিক ২৫ শতাংশ হোল্ডিংয়ের চার গুণেরও বেশি।
 
মাস্ক একজন নিয়মিত টুইটার ব্যবহারকারী। যার ৮০ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, তিনি একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা গুরুত্বসহকারে ভাবছেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)