‘শেখ হাসিনা সোনালী আঁশ ভবন’ ডেভেলপার নিয়োগের মাধ্যমে নির্মাণের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমোদিত “শেখ হাসিনা সোনালী আঁশ ভবন” প্রকল্পটি ডেভেলপার নিয়োগের মাধ্যমে বাংলাদেশ পাটকল করপোরেশন কর্তৃক শেয়ারিং পদ্ধতিতে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার একাদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক কমিটির সভাপতি মির্জা আজম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মোঃ নজরুল ইসলাম চৌধুরী এবং শাহীন আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা, শেখ হাসিনা নকসি পল্লীর সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা, ‘শেখ হাসিনা সোনালী আঁশ ভবন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং বি. জে. এম. সি. এর জনবল আত্মীকরণ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া বৈঠকে পাটজাত পণ্যকে কৃষি পণ্য হিসেবে তালিকাভূক্ত করার বিষয়ে সর্বশেষ অগ্রগতি, বেসরকারী পাটকল সমূহের ব্যাংক ঋণ মওকুফসহ পাটশিল্প খাতের সমস্যা নিরসনে মন্ত্রণালয় গৃহিত পদক্ষেপ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ শতভাগ বাস্তবায়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “শেখ হাসিনা নকশি পল্লী, জামালপুর (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পটির মেয়াদ যথাযথভাবে নির্ধারণপূর্বক দ্রুত বাস্তবায়নের নিমিত্ত মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে মুজিব নগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমইএ এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



