fbcci

টায়ার, টিউব ও যন্ত্রাংশের ওপর বাড়তি করারোপ না করার আহ্বান এফবিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক: আগামী বাজেটে টায়ার, টিউব ও অন্যান্য যন্ত্রাংশের ওপর বাড়তি শুল্ক-কর আরোপ না করার আহ্বান জানান ব্যবসায়ীরা। রোববার এফবিসিসিআইয়ের পরিবহন ও যোগাযোগ (রেল, সড়ক ও মহাসড়ক) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এমন আহ্বান জানানো হয়।

এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি ও কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. আমিনুল হক শামীম, কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, সাবেক পরিচালক আব্দুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, এম হুমায়ুন কবীর, ফারুক তালুকদার সোহেল, প্রকৌশলী গোলাম কবীর, জি রহমান শহীদ, বজলুর রহমান রতনসহ অন্য সদস্যরা। বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে চলমান সংস্কার ও নির্মাণকাজ ঈদের আগে-পরে মোট ১৪ দিন বন্ধ রাখার আহ্বান জানানো হয়। 

মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারি সংস্থাগুলোর কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। এ সময় তিনি জানান, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে শিগগিরই চিঠি পাঠাবে এফবিসিসিআই। এছাড়া পদ্মা সেতুর টোল নির্ধারণে এফবিসিসিআই, সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস-ট্রাক মালিক সমিতিকে সম্পৃক্ত করার দাবি জানান।

আমিনুল হক শামীম বলেন, করোনায় ১৮ মাস গণপরিবহন বন্ধ থাকলেও সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, খেলাপি হওয়া এড়াতে, আয় না থাকলেও ব্যাংকঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে আগামী বাজেটে টায়ার, টিউব ও অন্যান্য যন্ত্রাংশের ওপর বাড়তি শুল্ক-কর আরোপ না করার আহ্বান জানান।

রমেশ চন্দ্র ঘোষ করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হিসেবে গণপরিবহন খাতে তিন বছর এ খাতে নীতি সুরক্ষা দেয়ার আবেদন জানান তিনি। আগামী বাজেটে বাড়তি কোনো করভার আরোপ না করার আহ্বানও করেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)