রাজস্ব বোর্ড

কাস্টমস সেবায় হটলাইন চালু ১৫ মে

নিজস্ব প্রতিবেদক: অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সংক্রান্ত সেবা প্রদানে এবার হটলাইন নম্বর চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন হটলাইন নম্বরটি হলো- ১৬১৩৪। আগামী ১৫মে থেকে ওই নম্বরে ফোন দিয়ে কাস্টমস সংক্রান্ত যেকোনো সেবা পাওয়া যাবে।

 

এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মুমেন একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ কার্যক্রম প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। তবে এ সেবা পেতে নিয়মিত কল চার্জ প্রযোজ্য হবে।

 

তিনি জানান, হটলাইনের মাধ্যমে কাস্টমস সংক্রান্ত সেবা, সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান কাস্টমস সংক্রান্ত আইন ও বিধি-বিধান সম্পর্কে জানতে পারবেন সেবাগ্রহীতারা।

 

এনবিআরের এই পরিচালক বলেন, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ ও ঝুঁকি কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহার করা হয়। এনবিআরের অধিভুক্ত ছয়টি কাস্টম হাউস, ২৬টি কাস্টমস স্টেশন, ২০টি অফ-ডক ও ইপিজেডগুলোতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু রয়েছে।

 

কাস্টমস অফিসগুলোর কর্মকর্তারা, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ বিমান, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডার্স, ফিডার অপারেটর ও সব কমার্শিয়াল ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সিস্টেম ব্যবহার করছে। সে কারণে আমদানি-রপ্তানি প্রক্রিয়াসহ কাস্টমস সংক্রান্ত সব বিষয়ে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবার লক্ষ্য নিয়ে ১৬১৩৪ হটলাইন নম্বর চালু করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)