Eid

আজ খুশীর ঈদ

 নিজস্ব প্রতিবেদক: নভেল করোনা ভাইরাসজনিত নানা বিধিনিষেধের বেড়াজাল মুক্ত হয়ে দীর্ঘ দুই বছর পর সত্যিকারের আমেজ নিয়ে সারাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এবার নেই সংক্রমণের তীব্র ভয়, তাই নেই কোলাকুলিতেও নিষেধাজ্ঞা। স্বস্তি আর আনন্দের মেলবন্ধনে আজ দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষ উদযাপন করছেন ঈদ।

গত দুই বছর মহামারীর কারণে চলাফেরা, জনসমাগম ইত্যাদির ওপর ছিল নানা নিষেধাজ্ঞা। ফলে দেশের বড় একটি অংশ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেনি। পাশাপাশি ব্যবসাতেও ছিল মন্দা। এবার সেসব কাটিয়ে উঠে আগের মতো আমেজ নিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবটি। ব্যবসায়ীরা ফিরে পেয়েছেন ক্রেতা। আর ক্রেতারাও দেখে শুনে বুঝে কেনাকাটা করেছেন নিজের ও প্রিয়জনদের জন্য। চাঁদরাত অর্থাৎ গত মধ্যরাত পর্যন্ত দেশের বড় শহরগুলোর বিপনী বিতানগুলো ছিল ক্রেতায় পরিপূর্ণ। শেষ মুহূর্তের প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনেই তারা ফিরেছেন ঘরে। লম্বা খরা কাটিয়ে ক্রেতারা দোকানে ফেরায় খুশি ছিলেন বিক্রেতারাও।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাস শেষে শাওয়াল মাস, আর এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়। অর্থাৎ আজ থেকে শুরু হলো শাওয়াল মাস।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে,আজ সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ মোহাম্মাদ মোস্তফা সালাফি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে মাঠে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৯টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, মতিঝিলের আরামবাগের দেওয়ানবাগ শরিফে সকাল ৮টা ও সাড়ে ৯টায়, বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকহিল ইসলামী মসজিদে সকাল ৭টায়, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক) সকাল সোয়া ৭টায়, সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল সাড়ে ৮টায় ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)