সচিবালয়ে ঈদের আমেজ, উপস্থিতিও কম
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলেছে দেশের সব সরকারি অফিস-আদালত। তবে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে বিরাজ করছে ঈদের আমেজ। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। সরেজমিনে সকাল থেকে সচিবালয় চত্বর, ভবনের করিডোর এবং বিভিন্ন কক্ষ ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও খুব কম। সচিবালয়ে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ধারণা, সচিবালয়ে আজ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ৫০ শতাংশের মতো।
গত মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল থেকে শুরু হয় ছুটি। টানা ৬ দিনের ছুটি শেষে হয় বুধবার (৪ মে)।
সচিবালয়ে সকাল পৌঁনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। অনেক কক্ষই ফাঁকা। কোনো কোনো কক্ষে এখনো ঝুলছে তালা।
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মে) অফিস করার পর আবার দু’দিন সাপ্তাহিক ছুটি। অনেকেই বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগ করছেন। আগামী রোববার থেকে সচিবালয়ে কর্মব্যস্ততা পুরোদমে শুরু হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



